মক্কা থেকে মদিনায় যখন একে একে সাহাবিরা হিজরত করছিলেন, তখন একজন সাহাবি ব্যতিক্রমী কারণে মক্কাতেই থেকে গিয়েছিলেন। তিনি হলেন হযরত নু‘আইম ইবনে আব্দুল্লাহ আন-নাহ্হাম রাদিয়াল্লাহু আনহু।
তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের একজন সাহাবি। হিজরতের প্রস্তুতি নিলেও তাঁর গোত্র বনু আদীর লোকেরা তাঁকে মক্কা ছেড়ে না যেতে অনুরোধ করেন। কারণ, গোত্রের অনেক এতিম ও বিধবা তাঁর সাহায্যের ওপর নির্ভরশীল ছিলেন। তিনি চলে গেলে তাঁদের দেখাশোনা ও ভরণপোষণে সংকট তৈরি হতে পারত। তাই তাঁদের অনুরোধে তিনি মক্কায় থেকে যান এবং নিজের গোত্রের দুর্বল মানুষদের সাহায্য করতে থাকেন।
পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন। বর্ণনা অনুযায়ী, তিনি একা আসেননি, বরং তাঁর সঙ্গে বনু আদী গোত্রের আরও প্রায় ৪০ জন নারী-পুরুষ মদিনায় আসেন। এভাবে দীর্ঘদিন মক্কায় অবস্থান করেও তিনি নিজের ঈমান ও দ্বীনের প্রতি দায়িত্ববোধ অটুট রেখেছিলেন।
রেফারেন্সঃ-
১. ইবনে সা‘দ, আত-তাবাকাতুল কুবরা: ৪/১০২–১০৩
২. ইবনে হাজার আসকালানী, আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা: ৬/৩৬০–৩৬১
৩. ইবনে আব্দুল বার, আল-ইসতিআব ফী মা‘রিফাতিল আসহাব: ৪/১৫১৭–১৫১৮
৪. ইবনে কাসির, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ: ৩/৩০