মৃত্যুর পর নিজের শরীর বিজ্ঞানের কাজে দান করতে চেয়েছিলেন এক অধ্যাপক। তবে তাঁর একটি বিশেষ শর্ত ছিল। নিজের কঙ্কালের পাশেই রাখতে হবে প্রিয় কুকুরটির কঙ্কাল। জীবদ্দশায় যে প্রাণীটি ছিল তাঁর সবচেয়ে কাছের সঙ্গী, মৃত্যুর পরও তার কাছ
থেকে আলাদা হতে চাননি তিনি।
এই ব্যতিক্রমী ভালোবাসার গল্প যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী ও অধ্যাপক গ্রোভার ক্রান্টজের। মানুষের বিবর্তন নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন তিনি। তাঁর প্রিয় কুকুরটির নাম ছিল ক্লাইড।
২০০২ সালে ক্যাসারে আক্রান্ত হয়ে মারা যান ক্রান্টজ। তবে মৃত্যুর আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের দেহ বিজ্ঞানের গবেষণা ও শিক্ষার কাজে দান করবেন।
তাঁর ইচ্ছা ছিল, মৃত্যুর পর তাঁর কঙ্কাল সংরক্ষণ করা হবে। যাতে ভবিষ্যতের শিক্ষার্থী ও গবেষকেরা সেটি থেকে মানুষের শরীর সম্পর্কে জানতে পারেন।
কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে ছিল আরেকটি আবেগঘন অনুরোধ। ক্রান্টজ চেয়েছিলেন, তাঁর প্রিয় কুকুর ক্লাইডের দেহাবশেষও যেন নিজের কঙ্কালের পাশে রাখা হয়। কারণ, জীবনের দীর্ঘ সময় বিশ্বস্ত সঙ্গী হিসেবে তাঁর পাশে ছিল প্রাণীটি।
শেষ পর্যন্ত তাঁর সেই ইচ্ছা পূরণ করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে ক্রান্টজ ও ক্লাইডের কঙ্কাল পাশাপাশি প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে দেখা যায়, মানুষের একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার পাশে রয়েছে বড় একটি কুকুরের কঙ্কাল। দুজনকে এমনভাবে সাজানো হয়েছে, যেন তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে।
জীবিত অবস্থায় ক্রান্টজ তাঁর প্রিয় কুকুরের সঙ্গে যেমন সময় কাটাতেন, মৃত্যুর পরও সেই ঘনিষ্ঠ সম্পর্কের একটি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে প্রদর্শনীটি।
অধ্যাপকের এই সিদ্ধান্তের পেছনে ছিল দুটি উদ্দেশ্য। প্রথমত, নিজের দেহ বিজ্ঞানের কাজে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষায় অবদান রাখা। দ্বিতীয়ত, প্রিয় কুকুরটির সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বকে স্মরণীয় করে রাখা।
ক্রান্টজের কাছে ক্লাইড শুধু একটি পোষা প্রাণী ছিল না। ছিল জীবনের অত্যন্ত আপন এক সঙ্গী। তাই মৃত্যুর পরও তাকে নিজের পাশে রাখার ইচ্ছা জানিয়েছিলেন তিনি।