পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াত হলো সূরা আল-বাকারার ২৮২ নম্বর আয়াত। এটি ‘আয়াতুদ দাইন’ বা ‘ঋণের আয়াত’ নামে পরিচিত।
আয়াতটি প্রায় এক পৃষ্ঠাজুড়ে বিস্তৃত। এতে ঋণ, বাকিতে লেনদেন, চুক্তি লিখে রাখা, সাক্ষী রাখা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
মদিনায় মুসলিম সমাজের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনকে সুশৃঙ্খল করার জন্য এই আয়াত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মেয়াদি ঋণ বা বাকিতে লেনদেনের ক্ষেত্রে যেন পরবর্তীতে কোনো ভুল বোঝাবুঝি, অস্বীকার কিংবা বিরোধ তৈরি না হয়, সে জন্য আল্লাহ তাআলা চুক্তি লিখে রাখার নির্দেশ দিয়েছেন।
এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছেঃ-
১. মেয়াদি ঋণের পরিমাণ ও পরিশোধের সময়সীমা স্পষ্টভাবে লিখে রাখতে হবে।
২. চুক্তিপত্র লেখার জন্য একজন ন্যায়পরায়ণ লেখক রাখতে হবে।
৩. ঋণগ্রহীতাকে চুক্তির শর্তাবলি স্বীকার করে বলতে হবে।
৪. লেনদেনের ক্ষেত্রে সাক্ষী রাখতে হবে। দুজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।
৫. লেখক ও সাক্ষীকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা হয়রানি করা যাবে না।
৬. নগদ লেনদেন হলে তা লিখে না রাখলেও অসুবিধা নেই। তবে সাক্ষী রাখা উত্তম।
এই আয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মানুষের সঙ্গে আর্থিক লেনদেনে শুধু পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভর করলেই হবে না; বরং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আত্মীয়, বন্ধু কিংবা পরিচিত মানুষের সঙ্গে লেনদেন হলেও লিখিত চুক্তি ভবিষ্যতের ভুল বোঝাবুঝি ও বিরোধ থেকে রক্ষা করতে পারে।
লক্ষ্য করার বিষয় হলো, পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াতটি মানুষের আর্থিক অধিকার, ঋণ পরিশোধ এবং লেনদেনের স্বচ্ছতা নিয়ে। ইসলাম যে মানুষের পারস্পরিক অধিকার ও সামাজিক জীবনের শৃঙ্খলাকে কতটা গুরুত্ব দিয়েছে, এই আয়াত তার এক অসাধারণ উদাহরণ।
রেফারেন্সঃ-
১. আল-কুরআন, সূরা আল-বাকারা, আয়াত ২৮২।
২. সহীহ বুখারী, হাদিস ২২৪০।
৩. ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম, খণ্ড ১, পৃষ্ঠা ৭১৭-৭২২।
৪. ইমাম কুরতুবী, আল-জামি লি আহকামিল কুরআন, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৭৬-৪০৭।
৫. ইমাম তাবারী, জামিউল বায়ান, খণ্ড ৬, পৃষ্ঠা ৪৪।