আবু উসমান আমর ইবনে বাহর আল-জাহিয (রহ.) ছিলেন আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও জ্ঞানী ব্যক্তিত্ব। ১৫৯ হিজরিতে বসরায় জন্মগ্রহণ করেন তিনি। বইয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল অসাধারণ। বলা হয়, বই পড়ার নেশায় তিনি কখনো কখনো রাতের জন্য বইয়ের দোকান ভাড়া নিয়ে সেখানে বসেই পড়াশোনা করতেন।
তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘কিতাবুল হায়াওয়ান’, ‘আল-বায়ান ওয়াত-তাবয়ীন’ এবং ‘আল-বুখালা’। জ্ঞান ও সাহিত্যের জগতে তাঁর অবদান তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
তবে তাঁর মৃত্যুর ঘটনাটি বেশ অদ্ভুত। ঐতিহাসিক জীবনীগ্রন্থে প্রচলিত একটি বর্ণনা অনুযায়ী, জীবনের শেষ দিকে তিনি অসুস্থ ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। একসময় তাঁর ওপর বইয়ের স্তূপ ভেঙে পড়ে। আর সেই বইয়ের স্তূপের নিচেই চাপা পড়ে তাঁর মৃত্যু হয় বলে বর্ণিত হয়েছে। ২৫৫ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
রেফারেন্সঃ-
ইবনে খাল্লিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান, ৩/৪৭০–৪৭৫;
ইমাম যাহাবি, সিয়ারু আ'লামিন নুবালা, ১১/৫২৬–৫৩০;
ইয়াকুত আল-হামাভি, মু'জামুল উদাবা, ৫/২১০১–২১২০।