ফ্রান্সের লিওঁ (Lyon) শহরের ১৯ বছর বয়সী এক তরুণী ক্লেলিয়া ভার্দিয়ে (Clélia Verdier)। মাত্র তিন সপ্তাহ কোমায় ছিলেন তিনি। কিন্তু জ্ঞান ফেরার পর তাঁর মনে হচ্ছিল, জীবনের সাতটি বছর পার করে এসেছেন তিনি। এই সাত বছরে প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, তিন সন্তানের মা হয়েছেন। গড়ে তুলেছেন সুখের সংসার। অথচ বাস্তবে এসবের কিছুই ঘটেনি। যে স্বামী ও সন্তানদের স্মৃতি তাঁর মনে এত স্পষ্ট, বাস্তবে তাঁদের কোনো অস্তিত্বই নেই!
এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ক্লেলিয়া ভার্দিয়ে নামের এক তরুণী। শারীরিক জটিলতার কারণে চিকিৎসকেরা তাঁকে ওষুধ প্রয়োগ করে গভীর অচেতন অবস্থায় রেখেছিলেন। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘মেডিক্যালি ইনডিউসড কোমা’।
এভাবে প্রায় তিন সপ্তাহ কাটানোর পর জ্ঞান ফিরে আসে ক্লেলিয়ার। কিন্তু জেগে ওঠার পর তাঁর মনে এমন কিছু স্মৃতি ছিল, যা বাস্তব জীবনের সঙ্গে একেবারেই মিলছিল না।
ক্লেলিয়ার মনে হচ্ছিল, কোমায় থাকার সময় তিনি সাত বছরের একটি পূর্ণাঙ্গ জীবন কাটিয়েছেন। সেই জীবনে একজনের প্রেমে পড়েছিলেন তিনি। পরে তাঁকে বিয়ে করে সংসার শুরু করেন। তাঁদের ঘরে জন্ম নেয় তিন সন্তান। তিন শিশুর নাম ছিল মিলা, মাইলস ও মাইলে।
সন্তানদের জন্ম, তাদের বড় করে তোলা এবং পরিবারের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত তাঁর স্মৃতিতে ছিল অত্যন্ত বাস্তব। কিন্তু সেই কল্পিত জীবনে একটি ভয়াবহ ঘটনাও ঘটেছিল। ক্লেলিয়ার মনে ছিল, তাঁর তিন সন্তানের একজন মারা গেছে। সেই সন্তানকে হারানোর যন্ত্রণাও অনুভব করেছিলেন তিনি।
এরপর কোমা থেকে জেগে উঠে যখন স্বামী ও বাকি দুই সন্তানকেও খুঁজে পাননি, তখন তাঁর মনে হয়, একসঙ্গে পুরো পরিবারকেই হারিয়ে ফেলেছেন। পরে তাঁকে জানানো হয়, যে সংসারের স্মৃতি তিনি মনে করছেন, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।
তিনি কখনো বিয়ে করেননি। তিন সন্তানের জন্মও দেননি। কিন্তু বাস্তবতা জানার পরও তাঁর মানসিক কষ্ট সহজে দূর হয়নি। কারণ, স্বামী ও সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর কাছে সত্যিকারের স্মৃতির মতোই ছিল।