তিনি হলেন আব্দুর রহমান ইবনে আবি বকর (রা.)।
বিস্তারিতঃ-
তিনি ছিলেন আবু বকর সিদ্দিক (রা.)-এর জ্যেষ্ঠ পুত্র। বদরের যুদ্ধে তাঁর পিতা মুসলিম বাহিনীর পক্ষে থাকলেও তিনি কুরাইশদের পক্ষে যুদ্ধ করেছিলেন। উহুদের যুদ্ধেও তিনি কুরাইশদের পক্ষে অংশ নেন।
পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। ইসলাম গ্রহণের পর একদিন পিতা আবু বকর (রা.)-এর সঙ্গে বদরের যুদ্ধের একটি ঘটনা নিয়ে তাঁর কথোপকথন হয়।
আব্দুর রহমান (রা.) তাঁর পিতাকে বললেন, “বাবা! বদরের দিন আপনি আমার তরবারির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। কিন্তু আমি আপনার দিক থেকে সরে গিয়েছিলাম।”
জবাবে আবু বকর (রা.) বললেন, “কিন্তু তুমি যদি আমার লক্ষ্যবস্তুতে আসতে, তাহলে আমি তোমার দিক থেকে সরে যেতাম না।”
ইসলাম গ্রহণের পর আব্দুর রহমান (রা.) মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ এবং ইয়ামামার যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। ইয়ামামার যুদ্ধে তিনি মুসায়লামা কাজ্জাবের সেনাপতি মুহাক্কাম ইবনে তুফায়েলকে হত্যা করেন।
রেফারেন্সঃ-
১. ইমাম তাবারানী, আল-মু‘জামুল কাবীর, ১/১৮৪, হাদিস নং ১৮৭।
২. ইমাম হাইসামী, মাজমা‘উয যাওয়ায়েদ, ৯/৪০২।
৩. ইবনে সা‘দ, আত-তাবাকাতুল কুবরা, ৫/৩৩–৩৪।
৪. ইবনে হাজার আসকালানী, আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা, ৫/২৯–৩১।