আসুন শুনি বিস্তারিত গল্প —
এক বৃদ্ধার বয়স তখন ৯০ বছর। তাঁর মৃত্যুর পর একটি ফ্ল্যাটের মালিক হবেন, এমন শর্তে সেটি কেনার চুক্তি করলেন এক আইনজীবী। বিনিময়ে বৃদ্ধা যত দিন বেঁচে থাকবেন, তত দিন তাঁকে নিয়মিত অর্থ দিতে হবে। আইনজীবী হয়তো ভাবেননি, এই চুক্তিই একদিন তাঁর জন্য অবিশ্বাস্য পরিণতি ডেকে আনবে। কারণ বৃদ্ধা শুধু তাঁর প্রত্যাশার চেয়ে বেশি দিন বাঁচেননি, বেঁচে ছিলেন আইনজীবীর মৃত্যুর পরও!
এই বৃদ্ধার নাম জ্যাঁন লুইজ কালমঁ। ফ্রান্সের বাসিন্দা কালমঁ ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী হিসেবে স্বীকৃত মানুষ।
১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের আর্ল শহরে জন্মগ্রহণ করেন তিনি। মারা যান ১৯৯৭ সালের ৪ আগস্ট। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত নির্ভরযোগ্যভাবে যাচাই করা মানুষের দীর্ঘতম আয়ুর রেকর্ডটি তাঁরই দখলে।
কালমঁর জীবন ছিল নানা বিচিত্র ঘটনায় ভরপুর। বয়স বাড়লেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। ৮৫ বছর বয়সে নতুন করে ফেন্সিং বা তলোয়ার চালনার কৌশল শেখা শুরু করেন।
চকলেট ছিল তাঁর অত্যন্ত প্রিয়। এমনকি দীর্ঘদিন ধূমপানও করেছেন। ২১ বছর বয়সে ধূমপান শুরু করে শেষ পর্যন্ত ১১৭ বছর বয়সে তা ছেড়ে দেন।
তবে তাঁর জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল একটি ফ্ল্যাট বিক্রির চুক্তি। ১৯৬৫ সালে ৯০ বছর বয়সী কালমঁ নিজের অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য আইনজীবী আন্দ্রে-ফ্রাঁসোয়া রাফ্রের সঙ্গে চুক্তি করেন।
ফ্রান্সে প্রচলিত ‘ভিয়াজে’ নামের এই ব্যবস্থায় ক্রেতা বিক্রেতাকে নিয়মিত অর্থ দেন। বিক্রেতার মৃত্যুর পর ক্রেতা সম্পত্তির দখল পান। রাফ্রে রাজি হয়েছিলেন কালমঁকে আজীবন অর্থ দিতে।
কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ১৯৯৫ সালে ৭৭ বছর বয়সে মারা যান রাফ্রে। অথচ কালমঁ তখনো জীবিত, বয়স ১২০ বছর!
আইনজীবীর মৃত্যুর পরও তাঁর পরিবারকে চুক্তি অনুযায়ী কালমঁকে অর্থ দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ১৯৯৭ সালে কালমঁর মৃত্যু হলে হিসাব করে দেখা যায়, রাফ্রে ও তাঁর পরিবার অ্যাপার্টমেন্টটির মূল্যের দ্বিগুণেরও বেশি অর্থ পরিশোধ করেছেন।
কালমঁর দীর্ঘায়ু নিয়ে পরবর্তী সময়ে কিছু গবেষক প্রশ্ন তুললেও তাঁর বয়সের পক্ষে থাকা ঐতিহাসিক নথি ও গবেষণা ব্যাপকভাবে স্বীকৃত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও তাঁকেই সবচেয়ে দীর্ঘজীবী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।
এক শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর অসংখ্য পরিবর্তন দেখেছিলেন কালমঁ। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে অদ্ভুত পরিহাস সম্ভবত সেই ফ্ল্যাট বিক্রির চুক্তি, যেখানে ক্রেতা সম্পত্তির মালিক হওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই মারা গিয়েছিলেন!