আলী (রা.)-এর মর্যাদা ও ফজিলত বর্ণনা করতে গিয়ে মসজিদে হামলার শিকার হয়ে ইন্তেকাল করা বিখ্যাত আলেম হলেন ইমাম আন-নাসাঈ (রহ.)। তিনি সিহাহ সিত্তাহর অন্যতম গ্রন্থ সুনান আন-নাসাঈ-এর সংকলক।
তাঁর পূর্ণ নাম আবু আবদুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাঈ। তিনি ২১৫ হিজরিতে খোরাসানের নাসা শহরে জন্মগ্রহণ করেন। হাদিসশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যের পাশাপাশি রাবিদের গ্রহণযোগ্যতা যাচাইয়েও তাঁর বিশেষ দক্ষতা ছিল।
জীবনের শেষদিকে তিনি সিরিয়ার দামেস্কে যান। সেখানে আলী (রা.)-এর মর্যাদা ও ফজিলত সম্পর্কে মানুষের অজ্ঞতা ও বিদ্বেষ দেখে তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘খাসাইসু আলী’ রচনা করেন। এরপর দামেস্কের জামে মসজিদে বসে আলী (রা.)-এর ফজিলতবিষয়ক হাদিস বর্ণনা করতে থাকেন।
একপর্যায়ে কিছু লোক তাঁর কাছে মুয়াবিয়া (রা.)-এর ফজিলত সম্পর্কে জানতে চায়। তিনি এ বিষয়ে একটি হাদিস উল্লেখ করলে উপস্থিত কিছু লোক ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর ও পদদলিত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে মক্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে পথিমধ্যে ফিলিস্তিনের রামলায় ৩০৩ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইমাম দারাকুতনী (রহ.) তাঁর এই মৃত্যুকে শাহাদাত হিসেবে অভিহিত করেছেন।
তথ্যসূত্র: ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, খণ্ড ১৪, পৃষ্ঠা ১৩২–১৩৫;
ইবনে হাজার আসকালানি, তাহযীবুত তাহযীব, খণ্ড ১, পৃষ্ঠা ৩৬–৩৯;
ইবনে খাল্লিকান, ওয়াফাইয়াতুল আ‘ইয়ান, খণ্ড ১, পৃষ্ঠা ৭৭–৭৮।