আল-উলার নিকটবর্তী ঐতিহাসিক স্থানটির নাম হলো আল-হিজর, যা বর্তমানে মাদায়েন সালেহ নামে পরিচিত। এখানেই প্রাচীন সামূদ জাতি বসবাস করত। আল্লাহর অবাধ্যতার কারণে এই জাতি ধ্বংস হয়েছিল।
৯ম হিজরিতে তাবুক অভিযানে যাওয়ার পথে রাসূলুল্লাহ ﷺ সাহাবিদের নিয়ে এই এলাকা অতিক্রম করেন। তখন তিনি সাহাবিদের সতর্ক করে বলেন, আল্লাহর আজাবপ্রাপ্ত জাতির আবাসস্থলে প্রবেশ করলে কান্নারত অবস্থায় প্রবেশ করবে। কান্না না এলে সেখানে প্রবেশ করবে না। কারণ, তাদের ওপর যে আজাব এসেছিল, তোমাদের ওপরও তেমন আজাব আসতে পারে।
সাহাবিরা সেখানকার কূপের পানি দিয়ে আটা গুলিয়ে ফেলেছিলেন এবং হাঁড়িতে খাবার রান্না করছিলেন। বিষয়টি জানতে পেরে রাসূলুল্লাহ ﷺ সেই পানি ফেলে দিতে এবং আটা উটকে খাইয়ে দিতে নির্দেশ দেন। তবে সালেহ (আ.)-এর উটনীর জন্য নির্ধারিত কূপ থেকে পানি নেওয়ার অনুমতি দেন।
তথ্যসূত্রঃ-
সহিহ বুখারি, হাদিস ৩৩৭৮, ৩৩৭৯, ৩৩৮০ ও ৪৪১৯; সহিহ মুসলিম, হাদিস ২৯৮০।