অধ্যাপক আব্দুস সালাম: নোবেলজয়ী বিজ্ঞানীর মুছে ফেলা পরিচয়
একটি নীরব কবরস্থান। একটি কবরের ফলকে লেখা—১৯৭৯ সালে তিনি হয়েছিলেন প্রথম নোবেলজয়ী। অথচ একসময় সেখানে লেখা ছিল, ‘প্রথম মুসলিম নোবেলজয়ী’। পরবর্তী সময়ে ফলক থেকে ‘মুসলিম’ শব্দটি মুছে ফেলা হয়। রেখে দেওয়া হয় একটি ফাঁকা জায়গা।
সেই মানুষটির নাম অধ্যাপক আব্দুস সালাম। তিনি পাকিস্তানের প্রথম নোবেলজয়ী এবং বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম মুসলিম বিজ্ঞানী।
জন্ম ও শিক্ষাজীবন
১৯২৬ সালের ২৯ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং শহরে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ মেধার পরিচয় দেন। মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তৎকালীন সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
পরবর্তী সময়ে গভর্নমেন্ট কলেজ লাহোর থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৪৬ সালে বৃত্তি নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে পড়তে যান। সেখানে গণিত ও পদার্থবিজ্ঞানে ডাবল ফার্স্ট অর্জন করেন। ১৯৫২ সালে পিএইচডি সম্পন্ন করেন।
গবেষণার জন্য দেশত্যাগ
পড়াশোনা শেষে দেশে ফিরে লাহোরে গবেষণার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। গভর্নমেন্ট কলেজে শিক্ষকতা এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কিন্তু প্রয়োজনীয় বই, গবেষণাপত্র ও সহযোগী গবেষকের অভাবে তাঁর স্বপ্ন বাধাগ্রস্ত হয়।
অবশেষে ১৯৫৭ সালে তিনি ইংল্যান্ডে ফিরে ইম্পেরিয়াল কলেজ লন্ডনে যোগ দেন। ১৯৫৯ সালে মাত্র ৩৩ বছর বয়সে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন।
নোবেলজয়ী আবিষ্কার
আব্দুস সালামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো ইলেকট্রোউইক তত্ত্ব। পদার্থবিজ্ঞানী শেলডন গ্ল্যাশো ও স্টিভেন ওয়াইনবার্গের সঙ্গে যৌথভাবে তিনি দেখান, তড়িৎ-চুম্বকীয় শক্তি এবং দুর্বল নিউক্লীয় শক্তি প্রকৃতপক্ষে একই মৌলিক শক্তির দুটি ভিন্ন প্রকাশ।
এই তত্ত্ব আধুনিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখে। এর স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে তিন বিজ্ঞানী যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
নোবেল বক্তৃতায় আব্দুস সালাম পবিত্র কোরআনের সূরা আল-মুলকের আয়াত উদ্ধৃত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, বৈজ্ঞানিক চিন্তা সমগ্র মানবজাতির অভিন্ন সম্পদ।
নোবেল পুরস্কারের অর্থও তিনি নিজের জন্য ব্যয় না করে উন্নয়নশীল দেশের পদার্থবিজ্ঞানীদের কল্যাণে দান করেন।
বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান
১৯৬৪ সালে ইতালির ত্রিয়েস্তে শহরে তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (ICTP)। উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশের বিজ্ঞানীদের আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ করে দেওয়া।
১৯৬৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস (TWAS)।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৬১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্টের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিচয়ের কারণে অবহেলা ও প্রতিবাদ
আব্দুস সালাম ছিলেন আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী। ১৯৭৪ সালে পাকিস্তানের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আহমদিয়া সম্প্রদায়কে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়। এর প্রতিবাদে তিনি প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।
তবে তিনি নিজেকে মুসলিম হিসেবেই পরিচয় দিতেন। তাঁর মৃত্যুর পর পাকিস্তানের রাবওয়ায় বেহেশতি মাকবারা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রথমদিকে তাঁর কবরের ফলকে লেখা হয়েছিল, ‘প্রথম মুসলিম নোবেলজয়ী’। পরবর্তী সময়ে পাকিস্তানি কর্তৃপক্ষ ফলক থেকে ‘মুসলিম’ শব্দটি মুছে দেয়। বর্তমানে সেখানে শুধু ‘প্রথম নোবেলজয়ী’ কথাটি লেখা রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয় প্রামাণ্যচিত্র Salam: The First ---------- Nobel Laureate। শিরোনামের ফাঁকা জায়গাটি তাঁর কবরের ফলক থেকে মুছে ফেলা পরিচয়ের প্রতীক।
মৃত্যু ও শতবর্ষ
১৯৯৬ সালের ২১ নভেম্বর দীর্ঘ অসুস্থতার পর ইংল্যান্ডের অক্সফোর্ডে মৃত্যুবরণ করেন অধ্যাপক আব্দুস সালাম।
১৯৯৮ সালে পাকিস্তান সরকার তাঁর ছবিসংবলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন ২০২৩ সালে তাদের কেন্দ্রীয় লাইব্রেরির নাম রাখে ‘আব্দুস সালাম লাইব্রেরি’। সেখানে তাঁর নামে একটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্রও রয়েছে।
২০২৬ সালের ২৯ জানুয়ারি তাঁর জন্মের শতবর্ষ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ICTP-সহ বিভিন্ন প্রতিষ্ঠান বছরজুড়ে নানা আয়োজন করেছে। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজও বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দিচ্ছে।
একসময় গবেষণার উপযুক্ত পরিবেশ না পেয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া একজন বিজ্ঞানী নিজের উদ্যোগে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা আজও উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখছে।
অধ্যাপক আব্দুস সালামের জীবন তাই শুধু একজন নোবেলজয়ী বিজ্ঞানীর সাফল্যের গল্প নয়; এটি মেধা, অধ্যবসায়, বিজ্ঞানচর্চা এবং পরিচয়কে ঘিরে বৈষম্যের এক বেদনাদায়ক ইতিহাস।
বিশেষ দ্রষ্টব্যঃ- আহমদিয়া জামায়াতের অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আসলেই মিসলিম নন, এ কারণে প্রদত্ত উত্তরটি মন্তব্যে রূপান্তর করা হয়।